ছবি:সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রী হওয়ার বিরল নজির গড়েছেন আরিফুল হক চৌধুরী। সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর) আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়ে তিনি এবার নতুন সরকারে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরই বিকেলে মন্ত্রীর শপথ গ্রহণ করেন তিনি। একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সিলেটজুড়ে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে।
প্রায় দুই যুগ ধরে রাজনীতিতে সক্রিয় আরিফুল হক চৌধুরী সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। ২০১৩ সালে কারাগারে থেকেও তিনি সিলেট সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন এবং ২০১৮ সালে আবারও মেয়র পদে জয়ী হন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমদিকে তাকে সিলেট-১ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হলেও পরে দলীয় সিদ্ধান্তে সিলেট-৪ আসনে প্রার্থী হন। মাত্র দেড় মাসের প্রচারণায় তিনি শহরকেন্দ্রিক রাজনীতি থেকে বেরিয়ে সীমান্তবর্তী গ্রামীণ এলাকায় ব্যাপক সাড়া ফেলেন এবং প্রায় ১ লাখ ১৫ হাজার ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন।
নির্বাচনী প্রচারণায় তিনি ‘প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার’ স্লোগান সামনে আনেন। জাফলং, বিছনাকান্দি, সাদাপাথর, লালাখালসহ প্রাকৃতিক সম্পদ ও পর্যটনসমৃদ্ধ সিলেট-৪ এলাকাকে পরিকল্পিতভাবে উন্নয়নের ঘোষণা দেন। ভবিষ্যতে অঞ্চলটিকে “সিলেট উত্তর সিটি” হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি।
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী হওয়ায় স্থানীয়দের প্রত্যাশা, সীমান্ত ও প্রান্তিক এ এলাকায় উন্নয়নের নতুন গতি আসবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




