ছবি:সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সিলেটের দুই নবনিযুক্ত মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সিলেট ব্যবসায়ী সমিতি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে সমিতির সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম ও সাধারণ সম্পাদক হাজী সৈয়দ জাহিদ উদ্দিন বলেন, খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং আরিফুর হক চৌধুরী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় সিলেটবাসী গর্বিত।
বিবৃতিতে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, সিলেটের ঐতিহ্য ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ দুই দক্ষ ও অভিজ্ঞ নেতা বাণিজ্য, শিল্প ও কর্মসংস্থান খাতে যুগান্তকারী পরিবর্তন আনতে সক্ষম হবেন। তাঁদের দূরদর্শী নেতৃত্বে সিলেট বিভাগসহ সমগ্র দেশের অর্থনৈতিক অগ্রগতি আরও বেগবান হবে বলেও প্রত্যাশা করেন তারা।
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা দূর করে সিলেটকে একটি শক্তিশালী অর্থনৈতিক অঞ্চলে রূপান্তর করতে নবনিযুক্ত মন্ত্রীদ্বয় কার্যকর ভূমিকা রাখবেন। বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি, প্রবাসী কল্যাণ এবং শিল্পখাতে বিনিয়োগ বৃদ্ধি পেলে জাতীয় অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন। অপরদিকে, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুর হক চৌধুরী শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
সিলেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ নবনিযুক্ত মন্ত্রীদ্বয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং তাঁদের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন, স্থিতিশীলতা ও সুশাসনের নতুন দিগন্তে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




