‘ভারত-বাংলাদেশ সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে দাঁড়িয়ে আছে’- অনিরুদ্ধ দাস
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩৭ AM

সিলেট জেলা প্রেসক্লাবে ভারতীয় সহকারী হাই কমিশনার

‘ভারত-বাংলাদেশ সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে দাঁড়িয়ে আছে’- অনিরুদ্ধ দাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০২/২০২৬ ০৮:১২:৫৫ PM

‘ভারত-বাংলাদেশ সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে দাঁড়িয়ে আছে’- অনিরুদ্ধ দাস

ছবি:সংগৃহীত


সিলেটে দায়িত্বপ্রাপ্ত ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতেই ভারত-বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় অবস্থানে রয়েছে। দুই দেশের জনগণই হবে স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক ও দীর্ঘমেয়াদি-উভয়ের জন্য লাভজনক সম্পর্কের মূল অংশীদার।

বুধবার বিকেলে সিলেট জেলা প্রেসক্লাব-এ আয়োজিত মতবিনিময় ও সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ভৌগোলিক ও সাংস্কৃতিক নৈকট্য, ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতা এবং ভবিষ্যৎ প্রজন্মের আকাঙ্ক্ষাকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নতুন সম্ভাবনায় রূপান্তর করা উচিত। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে সাংবাদিকরা দুই দেশের সম্পর্ককে আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণে ভিসা প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা সিলেটের সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ব্যবসা-বাণিজ্য, শিক্ষা-সংস্কৃতি বিনিময় এবং কানেক্টিভিটির সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। পাশাপাশি ভারত সরকারের ‘এইড টু বাংলাদেশ’ ও ‘এলওসি’ প্রকল্পের আওতায় সিলেট অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে নতুন উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা দুই দেশের ঐতিহাসিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে ফলপ্রসূ দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। শুরুতে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও ডেইলি নিউএজের স্টাফ করেসপন্ডেন্ট মনিরুজ্জামান মনির।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাই কমিশনের প্রেস-ইনফরমেশন-শিক্ষা-কালচার বিষয়ক সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া, ক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, তাপস দাস পুরকায়স্থ, লিয়াকত শাহ ফরিদী, মোহাম্মদ মহসীন, মুকিত রহমানী, শাহ দিদার আলম নবেল, সাঈদ চৌধুরী টিপু, দেবাশীষ দেবু, সাদিকুর রহমান সাকীসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

এছাড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং সিলেটের বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ