ছবি:সংগৃহীত
২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মাসুদ রানা তুহিন এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মুজাহিদুল ইসলাম।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত সদস্য সমাবেশে এই নির্বাচন ও মনোনয়ন কার্যক্রম সম্পন্ন হয়। সমাবেশটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাবিপ্রবি শাখার সদ্য সাবেক সভাপতি তারেক মনোয়ার।
সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত মাসুদ রানা তুহিনকে সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এবং তাকে শপথবাক্য পাঠ করান।
পরবর্তীতে সদস্যদের মতামতের আলোকে নবনির্বাচিত সভাপতি মাসুদ রানা তুহিন শাখা সেক্রেটারি হিসেবে মুজাহিদুল ইসলামকে মনোনীত করা হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




