রমজানে যানজট নিরসনে ফুটপাত হকারমুক্ত ও রাতের মার্কেট খোলার দাবি
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২৭ AM

রমজানে যানজট নিরসনে ফুটপাত হকারমুক্ত ও রাতের মার্কেট খোলার দাবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০২/২০২৬ ১১:৪৩:৩৬ PM

রমজানে যানজট নিরসনে ফুটপাত হকারমুক্ত ও রাতের মার্কেট খোলার দাবি

ছবি:সংগৃহীত


পবিত্র রমজান মাসে নগরীর যানজট কমানো, ব্যবসা-বান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং নিত্যপণ্যের দাম সহনীয় রাখার জন্য চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি, সিলেট জেলা শাখা। সমিতির নেতৃবৃন্দ জেলা ও পুলিশ প্রশাসনের কাছে ৫ রমজান থেকে গভীর রাত পর্যন্ত মার্কেট খোলার অনুমতি এবং ফুটপাত হকারমুক্ত রাখার জোর দাবি জানিয়েছেন।

সমিতির মহাসচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেন, ‘পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যবসায়ীরা বড় ধরনের বিনিয়োগ করেন। ক্রেতাদের নির্বিঘ্নে কেনাকাটার সুযোগ দিতে প্রশাসনের সহযোগিতা চাইছি।’

নেতৃবৃন্দ জানান, ৫ রমজান থেকে ঈদের আগ পর্যন্ত গভীর রাত পর্যন্ত দোকান ও বিপণিবিতান খোলা রাখার অনুমতি প্রয়োজন। এছাড়া নগরীর প্রধান সড়ক ও মার্কেটের সামনের ফুটপাত হকারমুক্ত রাখতে হবে, যাতে ক্রেতারা সহজে চলাচল করতে পারেন এবং কৃত্রিম যানজট সৃষ্টি না হয়। ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তার স্বার্থে মার্কেট এলাকায় পুলিশি টহল জোরদার করার আহ্বানও জানানো হয়েছে।

সমিতি নেতারা সাধারণ ব্যবসায়ীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেন, রমজানের পবিত্রতা রক্ষা করে নিত্যপ্রয়োজনীয় পণ্য সহনশীল মূল্যে বিক্রি করতে হবে। কোনো অবস্থাতেই অতিরিক্ত মুনাফা বা কৃত্রিম সংকট তৈরি করা উচিত নয়।

তারা আশা প্রকাশ করেছেন যে, সিলেট জেলা ও পুলিশ প্রশাসন ব্যবসায়ীদের যৌক্তিক দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। ফুটপাত দখলমুক্ত ও যানজট নিয়ন্ত্রণে থাকলে এবার সিলেটে রেকর্ড পরিমাণ কেনাকাটা হবে বলে মনে করছেন সমিতির নেতৃবৃন্দ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ