ছবি:সংগৃহীত
‘প্রধানমন্ত্রী আমাকে যে সম্মান দিয়েছেন, তা আমার নির্বাচনী এলাকা ও সিলেটবাসীর উপহার’-এমন মন্তব্য করেছেন শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে এসে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনের জনগণ ভোটের মাধ্যমে যে রায় দিয়েছেন, সেই রায়ের প্রতি সম্মান জানিয়ে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব ও সম্মান দিয়েছেন, তা মূলত আমার নির্বাচনী এলাকার জনগণ ও সমগ্র সিলেটবাসীর প্রাপ্য। আমি তাদের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থনের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই।’
মন্ত্রী আরও বলেন, জনগণের আশা-প্রত্যাশা পূরণে তিনি দায়বদ্ধ। হিংসা-বিদ্বেষ পরিহার করে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর সমাজ ও দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। “জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের সর্বস্তরের মানুষ আমাকে যে প্রতিদান দিয়েছেন, আমি তাদের কাছে ঋণী। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারি-এ জন্য সবার দোয়া চাই,’ যোগ করেন তিনি।
এর আগে নিজ বাসভবনে পৌঁছে মন্ত্রী তাঁর মমতাময়ী মা ও শাশুড়ির কদমবুচি করেন এবং পারিবারিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এ সময় পরিবারের পক্ষ থেকে তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমরান আহমদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সদস্য মিজানুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, অ্যাডভোকেট কামাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




