ছবি:সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় এবং সিলেটের দুই কৃতী সন্তান মন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় মহান আল্লাহ তায়ালার দরবারে শোকর আদায় উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে শোকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, বাদ জুমআ, সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহজালাল দরগাহ মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের ধারাবাহিকতায় আজ বাংলাদেশ গণতন্ত্রের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এ অর্জন দেশের জনগণের ঐক্যবদ্ধ প্রয়াসের ফল। তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা কামনায় আল্লাহ তায়ালার দরবারে কৃতজ্ঞতা জানান।
তিনি আরও বলেন, খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি (বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী) এবং আরিফুল হক চৌধুরী, এমপি (শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী)–কে রাষ্ট্রীয় দায়িত্ব প্রদান সিলেটবাসীর জন্য গর্বের বিষয়। তাঁদের বিচক্ষণ ও দক্ষ নেতৃত্বে সিলেটসহ সারাদেশ উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি; শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি; বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী ও সদস্য মিজানুর রহমান চৌধুরী; জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী; মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে দেশের রাজনৈতিক বাস্তবতায় একটি ঐতিহাসিক পরিবর্তনের সূচনা হয়েছে। গণতান্ত্রিক ধারাকে আরও সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ এবং জবাবদিহিমূলক শাসনব্যবস্থা নিশ্চিত করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন। রমজানের শিক্ষা ধারণ করে ন্যায্যতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার ভিত্তিতে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান বক্তারা।
শোকরানা মাহফিলে জেলা ও মহানগর বিএনপির সহসভাপতি, উপদেষ্টা, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলীর সদস্যসহ দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সিলেটের সর্বস্তরের মুসল্লি এবং সাধারণ মানুষ অংশ নেন। দোয়া ও মোনাজাতে দেশ-জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




