ছবি:সংগৃহীত
সিলেটের অবকাঠামো উন্নয়ন, বিমান, রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থার বিদ্যমান সমস্যা দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি। তিনি বলেন, সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে নির্বাচিত সংসদ সদস্যরা সম্মিলিতভাবে কাজ করবেন এবং উন্নয়ন কার্যক্রমে কোনো ধরনের বৈষম্য বরদাশত করা হবে না।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) সিলেটে হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.)-এর মাজার জিয়ারত এবং হযরত মাওলানা নুরুউদ্দিন গহরপুরী (র.)-এর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সিলেটের অবকাঠামো উন্নয়ন, বিমান, রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থার বিদ্যমান সমস্যা দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। সিলেটবাসীর সঙ্গে কোনো ধরনের বৈষম্য হলে তা মেনে নেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, সিলেটবাসীর আশা-প্রত্যাশা পূরণে আমরা নির্বাচিত সংসদ সদস্যরা দায়বদ্ধ।’
এর আগে শুক্রবার সকালে মন্ত্রী সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ মাঠ পরিদর্শন করেন। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মাঠটি দ্রুত সংস্কার করে নামাজ আদায়ের উপযোগী করে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি। ভাঙাচোরা অংশ দ্রুত মেরামত, রংকরণ ও সার্বিক সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করার তাগিদ দেন মন্ত্রী।
ঈদগাহ মাঠ পরিদর্শনকালে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী রাজিউদ্দিন খানসহ শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




