৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান এম এ মালিকের
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:২০ AM

৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান এম এ মালিকের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০২/২০২৬ ১২:০১:১২ AM

৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান এম এ মালিকের

ছবি:সংগৃহীত


দেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধার, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় দল ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য আলহাজ্ব এম এ মালিক।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) সিলেটের দক্ষিণ সুরমা তেলিবাজার মাঠে বাদ মাগরিব দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় কৃতজ্ঞতা প্রকাশ এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো’র রুহের মাগফেরাত কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে এম এ মালিক বলেন, ‘আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন। দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং দেশের মানুষের কল্যাণ কামনা করবেন।’ তিনি উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় নেতাকর্মীদের স্বাগত জানান।

তিনি আরও বলেন, দক্ষিণ জেলা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসীর উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সিলেটের দুইজন সম্মানিত মন্ত্রীর সহযোগিতা কামনা করে তিনি আশা প্রকাশ করেন, উন্নয়ন কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে।

এম এ মালিক বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধার এবং সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াই এগিয়ে নেওয়া হবে। এ লক্ষ্য অর্জনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বক্তব্যের শেষে মহান আল্লাহর কাছে দেশের শান্তি, অগ্রগতি ও জনগণের কল্যাণ কামনা করেন।

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। প্রধান বক্তা ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমরান আহমেদ চৌধুরী এমপি, রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারী, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউকে কো-অর্ডিনেটর কামাল উদ্দিন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানে বিপুলসংখ্যক সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ