সীতারামী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এম এ মালিক
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:২৬ AM

সীতারামী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এম এ মালিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০২/২০২৬ ০৪:৪২:০৭ PM

সীতারামী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এম এ মালিক

ছবি:সংগৃহীত


২১ ফেব্রুয়ারি ২০২৬ (শনিবার) দুপুর ১টা ৪৫ মিনিটে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সীতারামী খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে প্রকল্পের উদ্বোধন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক)।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সিলেট দক্ষিণ সুরমা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) যৌথ আয়োজনে, সিলেট বিভাগে ভূ-উপরিস্থ পানি ব্যবস্থাপনা ও ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এ পুনঃখনন কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী বক্তব্যে এম এ মালিক বলেন, নদী দখল ও ভরাটের ফলে বহু এলাকায় কৃষি উৎপাদন ও জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি জানান, বিশেষ করে বাসিয়া ও গিরগিটি নদী পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় দুই কিলোমিটার এলাকায় চলমান এ পুনঃখনন কাজ সম্পন্ন হলে অন্তত ১০ হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদ, প্রশাসন ও কৃষি বিভাগের সমন্বিত প্রচেষ্টায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি গণমাধ্যম ও স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

এ সময় তিনি এলাকার অবহেলিত সড়ক সংস্কারের বিষয়েও আশ্বাস দেন। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি কাজ করে যাচ্ছেন উল্লেখ করে বলেন, সম্প্রতি মঙ্গলবাজার, দরাদরপুরসহ বিভিন্ন এলাকায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও অংশগ্রহণ করেছেন।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন বলেও জানান তিনি। পরে ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।

এম এ মালিক বলেন, জনগণ বিপুল ভোটে বিএনপি পরিবারকে বিজয়ী করেছে-তাদের প্রত্যাশা পূরণে সরকার ও দল একযোগে কাজ করবে। কৃষক ও সাধারণ মানুষের চাহিদা পূরণ না হওয়া পর্যন্ত উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনিক চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা গৌতম পাল, দাউদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচ এম খলিল, সৌদি আরব বিএনপি প্রাদেশিক শাখার সভাপতি জাকারিয়া আরেফিন ফয়সলসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ