ছবি:সংগৃহীত
সিলেটে রমজান মাস উপলক্ষে দোকানপাট খোলা রাখা ও সার্বিক জননিরাপত্তা জোরদারে নতুন গণবিজ্ঞপ্তি জারি করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে এসএমপি কমিশনার এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজান মাসে ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে ২১ ফেব্রুয়ারি থেকে পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত পোশাকের দোকান, টেইলারিং ও বিভিন্ন বিপণিবিতানের ক্ষেত্রে পূর্বের নির্ধারিত বন্ধের সময়সূচি প্রত্যাহার করা হয়েছে। ফলে এ ধরনের ব্যবসা প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়সীমার বাধ্যবাধকতা ছাড়াই খোলা রাখতে পারবে।
তবে নগরীর প্রধান সড়ক ও বিভিন্ন মার্কেটের সামনের ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো দোকানের সামনে হকার বসতে দেখা গেলে সংশ্লিষ্ট হকার ও দোকান মালিক উভয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ ধরনের অনিয়ম বা নগদ অর্থ পরিবহনে পুলিশের সহায়তা প্রয়োজন হলে ০১৩৩৯৯১১৭৪২ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ‘জিনিয়া’ অ্যাপ ব্যবহার করেও অভিযোগ জানানো যাবে।
এছাড়া এসএমপির আওতাধীন এলাকায় ইফতারের পর থেকে ভোর পর্যন্ত উচ্চস্বরে গান-বাজনা ও শব্দদূষণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে মোটরসাইকেলের উচ্চ শব্দ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানিয়েছে মহানগর পুলিশ।
রমজান মাসে নগরবাসীর নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেছে এসএমপি।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




