ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ধারালো অস্ত্র নিয়ে হামলায় একই পরিবারের অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিদের সুনামগঞ্জ সদর হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার ধনপুর ইউনিয়নের গোলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জমিতে চাষাবাদ করতে যান মো. আবুল কালাম (৫০)। এ সময় তার বোনের ছেলে ছমেদ মিয়া (২৫), সাদেক মিয়া (২৩) ও সুমন মিয়া (২২) জমি চাষে বাধা দেন। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র নিয়ে আবুল কালামের ওপর হামলা চালান।
এ সময় স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা এগিয়ে এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে হামলাকারীরা আবুল কালামের বাড়িতে গিয়ে জোসনা বেগম (৪০), তার মা চমিরন বেগম (১০০)সহ পরিবারের আরও সদস্যদের কুপিয়ে জখম করে। এতে অন্তত ১০ জন আহত হন।
আহতদের উদ্ধার করে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে আবুল কালামের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়। অন্য আহতদের মধ্যে কয়েকজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
বিশ্বম্ভরপুর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে তিনি জানান।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




