ছবি:সংগৃহীত
সিলেট বিভাগের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান ও সমন্বিত উন্নয়নের দাবিতে প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর কাছে স্মারকলিপি প্রদান করেছে সিলেট বিভাগ গণদাবী ফোরাম।
গত শুক্রবার সিলেট সার্কিট হাউজে ফোরামের সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মন্ত্রীর হাতে এ স্মারকলিপি তুলে দেন।
স্মারকলিপিতে সিলেট বিভাগের অবকাঠামোগত ও অর্থনৈতিক উন্নয়নে একগুচ্ছ দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট জরুরি ভিত্তিতে সংস্কার ভরাট হয়ে যাওয়া খাল ও ছড়া পুনঃখনন এবং সুরমা নদী খনন, পুরাতন ক্বিন ব্রিজ সংরক্ষণ করে পাশেই একটি ঝুলন্ত সেতু নির্মাণ, সুরমা নদীর ভাঙনরোধে হেতিমগঞ্জ থেকে টুকেরবাজার পর্যন্ত ওয়াকওয়ে নির্মাণ, পর্যটকদের জন্য পার্কিং প্লেস ও অতিথিশালা নির্মাণ, গাড়ি পার্কিংয়ের জন্য পৃথক চারটি মাঠ স্থাপন, চারটি বাস ও ট্রাক টার্মিনাল নির্মাণ চারটি আধুনিক পানি শোধনাগার স্থাপন, ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং জরাজীর্ণ বিদ্যুৎ লাইন সংস্কার ও নতুন লাইন সংযোজন, এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল স্থাপন, একটি আধুনিক বিনোদন পার্ক নির্মাণম, আধুনিক তেল সংরক্ষণ ও শোধনাগার এবং গ্যাস প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন, চার জেলায় পৃথক ইপিজেড ও শিল্প পার্ক গড়ে তোলা, চার জেলায় বিশেষ শিল্পায়িত অঞ্চল প্রতিষ্ঠা, চারটি হিমাগার স্থাপন, রাসায়নিক পরীক্ষাগার ও বিশ্ব বাণিজ্য কেন্দ্র স্থাপন, সিলেট মেট্রোপলিটন এলাকায় প্রতিটি থানায় ফায়ার স্টেশন নির্মাণ ও আধুনিক সরঞ্জাম সংযোজন, মহানগরে আরও ১০টি নতুন থানা স্থাপন
ফোরামের নেতৃবৃন্দ বলেন, সিলেট বিভাগের টেকসই উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এসব দাবি বাস্তবায়ন জরুরি। এ সময় মন্ত্রী বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




