ছবি:সংগৃহীত
ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ইভা ফিলিং স্টেশন এলাকায় সড়ক অবরোধ করে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন সিএনজি চালকরা।
রোববার সকাল ১০টা থেকে প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন আন্দোলনরত চালকরা। এতে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
বিক্ষোভকারীরা জানান, এতদিন ‘জিপি’ নামে প্রতিদিন ২০ টাকা করে চাঁদা নেওয়া হতো। কিন্তু কয়েকদিন ধরে তা বাড়িয়ে ১০০ টাকা দাবি করা হচ্ছে। এই বাড়তি ও অবৈধ চাঁদার প্রতিবাদে শতাধিক সিএনজি চালক একত্র হয়ে সড়কে নামেন।
কয়েকজন চালক অভিযোগ করে বলেন, সড়কে তারা নিয়মিত হয়রানির শিকার হচ্ছেন। আগে ২০ টাকা নিলেও এখন ১০০ টাকা না দিলে গাড়ি চালাতে দেওয়া হয় না। তারা বলেন, ‘আমরা গরিব মানুষ। অতিরিক্ত চাঁদা দিলে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। চাঁদা বন্ধ না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব।’
খবর পেয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, সড়কে কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। কেউ চাঁদা তুললে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকারের নির্দেশ অনুযায়ী সড়কে চাঁদাবাজি সম্পূর্ণ নিষিদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন সিএনজি চালকরা। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




