সিলেটের জৈন্তাপুরে হরিপুর গ্যাস ফিল্ড আর্মি চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ জিরা, কম্বল ও মেহেদী জব্দ করেছে সেনাবাহিনী।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে হরিপুর গ্যাস ফিল্ড আর্মি ক্যাম্প–২৭ বীর ইউনিটের একটি দল চেকপোস্টে ডিউটিরত অবস্থায় সন্দেহভাজন যাত্রীবাহী দুটি হাইয়েস গাড়িতে তল্লাশি চালায়। এ সময় ঢাকা মেট্রো-চ ১৫০৩৪৭ ও ঢাকা মেট্রো-চ ২০৫৩৩৫ নম্বরের গাড়িগুলো থেকে ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৬৫৫ কেজি জিরা, ৪টি কম্বল ও ৪৮ প্যাকেট মেহেদী। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক সিজারমূল্য ৩ লাখ ৩৮ হাজার ৭৬০ টাকা বলে জানা গেছে।
আটককৃতরা হলেন- দুই হাইয়েস গাড়ির চালক রফিকুল ইসলাম ও লিটন ইসলাম। তাদের উভয়ের বাড়ি ঢাকার ধামরাই এলাকায়।
সেনাক্যাম্প সূত্র জানায়, আটককৃত অবৈধ দ্রব্যসামগ্রী, গাড়ি ও গাড়ির চালকদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বর্ডার গার্ড বাংলাদেশের (৪৮ বিজিবি ব্যাটালিয়ন) কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলে জানানো হয়।
জৈন্তা বার্তা/আরআর




