ছবি:সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অঙ্গ প্রতিষ্ঠান শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী ‘Teaching, Learning and Management’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও স্কুল অ্যান্ড কলেজের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষকদের ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব ন্যস্ত রয়েছে। তাঁদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ওপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি না করে এমন পরিবেশ গড়ে তুলতে হবে, যেখানে তারা আনন্দের সঙ্গে পড়াশোনা করতে পারে। কঠোরতার পরিবর্তে সহানুভূতিশীল মনোভাব নিয়ে শিক্ষাদান এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আশা প্রকাশ করেন, এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তবভিত্তিক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম। সঞ্চালনা করেন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল দিগ্বিজয় চক্রবর্তী।
তিন দিনব্যাপী এ কর্মশালায় শিক্ষকদের পাঠদান, শেখানো-পদ্ধতি ও ব্যবস্থাপনা দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




