‘শহীদ মিনার আমাদের জাতির গৌরব ও আত্মত্যাগের প্রতীক’ - এমপি তাহসিনা রুশদীর লুনা
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:১৯ AM

দয়ামীর ডিগ্রি কলেজে নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন ও আলোচনা সভা

‘শহীদ মিনার আমাদের জাতির গৌরব ও আত্মত্যাগের প্রতীক’ - এমপি তাহসিনা রুশদীর লুনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০২/২০২৬ ০৫:১৫:০৭ PM

‘শহীদ মিনার আমাদের জাতির গৌরব ও আত্মত্যাগের প্রতীক’ - এমপি তাহসিনা রুশদীর লুনা

ছবি:সংগৃহীত


সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ডিগ্রি কলেজে নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  সিলেট জেলা পরিষদের অর্থায়নে নির্মিত শহীদ মিনারটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা

দয়ামীর ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি দেওয়ান মিনহাজ গাজী অ্যাডভোকেটের সভাপতিত্বে এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছাব্বির আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি ও দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. টি. এম. ফখর উদ্দিন।

এছাড়া অতিথি হিসেবে বক্তব্য দেন ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মইনুল হক চৌধুরী, তাজপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ খছরুজ্জামান এবং ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ।

অনুষ্ঠানে অভিভাবক সদস্য আব্দুর রূপ, সুজন মিয়া, ফখরুল ইসলাম, জুয়েল মিয়া, কলেজের সহকারী অধ্যাপক সুহেদা চৌধুরী, প্রভাষক শামীম মোল্লা, অর্পনা আচার্য, তানজিনা রহমান, পিলু কান্তি দাস, হরলাল দাস, গোলাম কিবরিয়া, সহকারী লাইব্রেরিয়ান রত্না তালুকদারসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শহীদ মিনার উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান মইনুল হক চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে এমপি তাহসিনা রুশদীর লুনা বলেন, ‘শহীদ মিনার আমাদের জাতির গৌরব ও আত্মত্যাগের প্রতীক। ভাষা আন্দোলনের শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা আজ আমাদের অহংকার। নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এমন উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’

তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং ভাষা শহীদদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গঠনে আত্মনিয়োগের তাগিদ দেন।

অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে এমপি তাহসিনা রুশদীর লুনাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বক্তারা কলেজের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে সংসদ সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ