খাল বাঁচলে কৃষি বাঁচবে, কৃষি বাঁচলে দেশ এগিয়ে যাবে : এমপি তাহসিনা রুশদীর লুনা
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:১৯ AM

বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের রাজার খাল পুনঃখনন কাজের উদ্বোধন

খাল বাঁচলে কৃষি বাঁচবে, কৃষি বাঁচলে দেশ এগিয়ে যাবে : এমপি তাহসিনা রুশদীর লুনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০২/২০২৬ ১১:১৭:২৪ PM

খাল বাঁচলে কৃষি বাঁচবে, কৃষি বাঁচলে দেশ এগিয়ে যাবে : এমপি তাহসিনা রুশদীর লুনা

ছবি:সংগৃহীত


সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলী-এর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হলে কৃষি উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই। আর কৃষির টেকসই উন্নয়নে খাল খনন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন কৃষিকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোর লক্ষ্যে। কিন্তু ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে সেই উদ্যোগ থেমে যায়। ফলে বহু খাল-নদী ভরাট ও দখলের শিকার হয়েছে, পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। এতে কৃষি ও পরিবেশ-উভয় খাতই ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের রাজার খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি লুনা আরও বলেন, খাল পুনঃখনন করা হলে সারা বছর পানি সংরক্ষণ সম্ভব হবে, অনাবাদি জমি চাষের আওতায় আসবে এবং কৃষক তার হারানো স্বপ্ন ফিরে পাবে। তিনি উল্লেখ করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারে খাল খননকে অগ্রাধিকার দিয়েছেন। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং গ্রামীণ অর্থনীতিকে পুনর্জাগরণের একটি কার্যকর পদক্ষেপ।

তিনি জোর দিয়ে বলেন, ‘খাল বাঁচলে কৃষি বাঁচবে, কৃষি বাঁচলে দেশ এগিয়ে যাবে।’

জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি উন্নয়ন প্রকল্প জনগণের সম্পদ। তাই উন্নয়নের কাজকে নিজেদের দায়িত্ব মনে করে সবাইকে এগিয়ে আসতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সহযোগিতাই একটি অঞ্চলকে বদলে দিতে পারে।

ইলিয়াসপত্নী লুনা স্মরণ করিয়ে দেন, এম. ইলিয়াস আলীকে ভোট দিয়ে এলাকাবাসী উন্নয়নের সুফল পেয়েছিলেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ ব্যাপক উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে বিশ্বনাথ ও ওসমানীনগরকে একটি আধুনিক, সমৃদ্ধ ও শান্তির জনপদে রূপান্তর করা হবে।

বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম রুবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএডিসি সেচ বিভাগের প্রকল্প পরিচালক প্রণজিত কুমার দেব, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া এবং দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সেচ বিভাগ আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ