আজ দায়িত্ব নিচ্ছেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:১৯ AM

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’

আজ দায়িত্ব নিচ্ছেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০২/২০২৬ ০২:১১:৫৪ AM

আজ দায়িত্ব নিচ্ছেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ার লক্ষ্যে ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ (সবুজ ও পরিচ্ছন্ন শহর) ধারণা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে দেশের ছয় সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা উপস্থিত ছিলেন।

৬ মাসের কর্মপরিকল্পনা চাইলেন প্রধানমন্ত্রী

কাইয়ুম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী বিশেষভাবে মশক নিধন কার্যক্রম জোরদার, নিরবচ্ছিন্ন পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেছেন। আগামী ৬ মাসের মধ্যে একটি কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়ন করে পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়ে তুলতে প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নিজেই সিটি করপোরেশনের কাজের অগ্রগতি পর্যবেক্ষণে মাঠপর্যায়ে পরিদর্শনে যাবেন এবং উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তব চিত্র সরাসরি দেখবেন।

মন্ত্রীদের সঙ্গে বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে প্রশাসকরা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে বৈঠক করেন। সেখানে নগর ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, নাগরিক সেবা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় তিনি সিলেট নগরীর উন্নয়নে সর্বোচ্চ সেবার মানসিকতা নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং মন্ত্রীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

আজ দায়িত্ব গ্রহণ

সিসিকের নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। এর আগে সকাল সাড়ে ১১টায় তিনি ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছাবেন। পরে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারহযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে সিলেটসহ দেশের ছয় সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ