গোলাপগঞ্জে কুশিয়ারার ভাঙন মধ্যরাতে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি এমরান চৌধুরী
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:২০ AM

গোলাপগঞ্জে কুশিয়ারার ভাঙন মধ্যরাতে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি এমরান চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০২/২০২৬ ০৩:২৫:২৯ PM

গোলাপগঞ্জে কুশিয়ারার ভাঙন মধ্যরাতে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি এমরান চৌধুরী

ছবি:সংগৃহীত


গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মিরগঞ্জ বাজার এলাকায় কুশিয়ারার তীব্র ভাঙনে কয়েকটি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। খবর পেয়ে সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতেই ঘটনাস্থলে ছুটে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার জোহরের পর থেকে নদীর স্রোত অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় এবং কুশিয়ারাপাড়ের ফতেহপুর গ্রামে ভাঙন শুরু হয়। বিকাল ৩টার দিকে আবুল, আবুল খায়ের, আব্দুল, হারুন ও সুফিয়া খাতুনসহ কয়েকজনের বসতভিটা ধীরে ধীরে নদীগর্ভে বিলীন হয়ে যায়। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। এলাকাবাসীর সহযোগিতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়।

ঘটনার খবর পেয়ে রাত প্রায় ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছান এমপি এমরান আহমদ চৌধুরী। তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে তাৎক্ষণিক বৈঠক করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অস্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা নেন। পাশাপাশি পবিত্র রমজান মাসের বাকি দিনগুলোর জন্য খাদ্যসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

এ সময় তিনি জানান, বুধবার দিনের আলোতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী ও প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাতের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ