দায়িত্ব গ্রহণের পরদিনই কঠোর বার্তা দিলেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১২ AM

দায়িত্ব গ্রহণের পরদিনই কঠোর বার্তা দিলেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০২/২০২৬ ০৪:৪৭:১৩ PM

দায়িত্ব গ্রহণের পরদিনই কঠোর বার্তা দিলেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

ছবি:সংগৃহীত


দায়িত্ব গ্রহণের পরদিনই কঠোর বার্তা দিলেন সিলেট সিটি করপোরেশন (সিসিক)-এর প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। অফিস শুরুর নির্ধারিত সময়ের আগেই নগর ভবনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে হাজির হন তিনি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫০ মিনিটে নগর ভবনে পৌঁছে নিজ কক্ষে না গিয়ে নিচতলায় একটি চেয়ার নিয়ে বসেন প্রশাসক। সেখানে বসেই তিনি লক্ষ্য করেন-নির্ধারিত সময়ের মধ্যে কোন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অফিসে উপস্থিত হচ্ছেন। এ সময় তাঁর পাশে আরেকটি চেয়ারে বসেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।

নিচতলায় কিছু সময় অবস্থানের পর দু’জন লিফটে করে প্রশাসকের নির্ধারিত কক্ষে যান। তবে সেখানেও নিজের চেয়ারে না বসে সোফায় বসেন প্রশাসক। পরে প্রধান নির্বাহী কর্মকর্তাকে সঙ্গে নিয়ে নগর ভবনের বিভিন্ন শাখা পরিদর্শনে বের হন তিনি।

পরিদর্শনকালে বাজার শাখা, এসেসমেন্ট শাখা, পানি শাখা, প্রকৌশল শাখা, স্বাস্থ্য শাখা ও জন্মনিবন্ধন শাখা ঘুরে দেখা যায়-অধিকাংশ দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারী তখনও অনুপস্থিত। এ অবস্থায় নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি নিশ্চিত করতে কঠোর হুঁশিয়ারি দেন প্রশাসক।

সকাল সাড়ে ৯টার দিকে নিজ কার্যালয়ে সিটি করপোরেশনের বিভিন্ন শাখার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। বৈঠকে দপ্তর পরিচালনায় শৃঙ্খলা বজায় রাখা এবং নাগরিক সেবা আরও গতিশীল করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সকালে নগর ভবনের প্রবেশপথে প্রশাসককে বসে থাকতে দেখে অনেক কর্মকর্তা-কর্মচারী বিস্মিত হন।

এ বিষয়ে প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী রমজান মাসে সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিতি নিশ্চিত করতে হবে। প্রথম দিন হিসেবে কঠোর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এটি একটি স্পষ্ট বার্তা-আগামীতে অনুপস্থিতির বিষয়টি যথাযথভাবে বিচার-বিশ্লেষণের আওতায় আনা হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ