ছবি:সংগৃহীত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি বলেছেন, ম্যানচেস্টারগামী ফ্লাইট বাতিল করা হয়নি; হজ্জ যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে তা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, সিলেট বিভাগের সার্বিক উন্নয়নে নির্বাচিত প্রতিনিধিরা সম্মিলিতভাবে কাজ করতে চান। মহাসড়ক, রেল ও বিমান যোগাযোগব্যবস্থার বিদ্যমান সমস্যা সমাধানে তিনি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ প্রবাসীদের হয়রানি ও লাগেজ সংক্রান্ত ভোগান্তি দূর করতে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে প্রবাসীরা বিমানবন্দরে এসে সব ধরনের সুযোগ-সুবিধা পান।
তিনি আরও বলেন, ‘আপনারা দোয়া করবেন, যেন মানুষের আশা-প্রত্যাশা বাস্তবায়ন করতে পারি। ম্যানচেস্টার ফ্লাইট স্থগিতের বিষয়টি সাময়িক। আমরা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ এক বছরের মধ্যে সার্বিক বিষয়ে দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন।’
এর আগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক স্টেলিং তারিয়াং, সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান, গোয়াইনঘাট যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহাজান সিদ্দিকী এবং সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




