রমজানে বাজার স্থিতিশীল রয়েছে: সিলেটে বাণিজ্যমন্ত্রী
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৬ AM

রমজানে বাজার স্থিতিশীল রয়েছে: সিলেটে বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/০২/২০২৬ ০২:১৫:৫৪ PM

রমজানে বাজার স্থিতিশীল রয়েছে: সিলেটে বাণিজ্যমন্ত্রী


বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। প্রথম দু’একদিন লেবুসহ কয়েকটি পণ্যের দাম অহেতুক বেড়ে গিয়েছিল। এখন আবার আগের অবস্থায় চলে এসেছে।

শনিবার দুপুরে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঈদের আগেই শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া মজুরি ও বেতন পরিশোধ নিশ্চিত করা হবে বলে জানান খন্দকার আব্দুল মুক্তাদির।

কর বাড়ানো নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, অর্থমন্ত্রীর বক্তব্য ভুলভাবে মিডিয়ায় এসেছে। বাংলাদেশে ট্যাক্স জিডিপির রেশিও অনেক কম। আশাপাশের সব দেশে অনেক বেশি। বাংলাদেশে এই রেশিও কম হওয়ার কারণে আমাদের যা রাজস্ব আদায় হয় তা সরকারের খরচ মেটাতে চলে যায়। উন্নয়নে ব্যয় করা সম্ভব হয় না। তাই অর্থমন্ত্রী ট্যাক্স জিডিপির রেশিও বাড়ানোর কথা বলেছেন। ব্যক্তি খাতে কর বাড়বে না।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের কাছে মুক্তবাণিজ্য (ফ্রি ট্রেড) চুক্তির বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গেও মুক্তবাণিজ্য চুক্তির উদ্যোগ নেওয়া হবে।

মতবিনিময় সভায় প্রবাসী, বৈদেশিক কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পানিসম্পদ মন্ত্রী শজিদউদ্দিন চৌধুরী এ্যানি অংশ নেন।

জৈন্তা বার্তা/আরআর