প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের বাইরে বন্ধ থাকা বিভিন্ন শ্রমবাজার পুনরায় চালু করতে সরকার কাজ করছে এবং আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি দেখা যেতে পারে। স্পেনে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স নির্ধারিত সময়ে পৌঁছানো নিশ্চিত করতেও পদক্ষেপ নেওয়া হচ্ছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
আরিফুল হক চৌধুরী বলেন, আগামী ১৮০ দিনের পরিকল্পনায় প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে দিকনির্দেশনা দিয়েছেন যে কিভাবে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়াসহ যেসব জায়গায় বন্ধ আছে তা পুনরায় চালু করা যায়, আমরা সেভাবে কাজ করছি। আগামী মাসের মধ্যে অগ্রগতি দেখতে পারবেন।
এ সময় প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড শিগগির চালু হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে ইউরোপীয় ইউনিয়নের কাছে চিঠি পাঠানো হয়েছে। ধাপে ধাপে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির উদ্যোগ নেওয়া হবে।
জৈন্তা বার্তা/আরআর




