ছবি:সংগৃহীত
বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, শিল্প ও বাণিজ্যের প্রসারে দক্ষ জনশক্তি গড়ে তুলতে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দক্ষ, সুশৃঙ্খল ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে বিএনসিসি ও রোভার স্কাউটের কোনো বিকল্প নেই।
শনিবার দুপুরে সিলেটের সরকারি মদন মোহন কলেজে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে লক্ষ্য ও আদর্শ নিয়ে বিএনসিসি প্রতিষ্ঠা করেছিলেন, সেই চেতনায় উজ্জীবিত হয়ে তরুণদের দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। তিনি আরও বলেন, ‘মদন মোহন কলেজের শিক্ষার্থীরা যাতে পাঠ্যক্রমের পাশাপাশি কারিগরি দক্ষতা ও নেতৃত্বগুণে সমৃদ্ধ হতে পারে, সে লক্ষ্যে বিএনসিসি ও রোভার স্কাউটের কার্যক্রম আরও গতিশীল করা প্রয়োজন। এসব কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করে।’
কলেজের সার্বিক উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
অনুষ্ঠানে বিএনসিসি ক্যাডেটরা অভিযোগ করেন, রাজনৈতিক সংকীর্ণতার কারণে গত ১৭ বছর ধরে তারা বৈষম্যের শিকার হয়েছেন। প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান হওয়ায় সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী পর্যন্ত যথাযথভাবে পালন করতে দেওয়া হয়নি বলেও তারা দাবি করেন।
ক্যাডেটরা জানান, করোনা মহামারি ও সিলেটের ভয়াবহ বন্যাকালে জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ালেও তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন হয়নি।
তারা বিএনসিসিকে রাজনৈতিক প্রতিহিংসার ঊর্ধ্বে রেখে প্রাপ্য মর্যাদা প্রদানের আহ্বান জানান। পাশাপাশি আগামী ২৩ মার্চ প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের সুযোগ নিশ্চিত করা এবং প্রশিক্ষণ ও সেবামূলক কার্যক্রমে সরকারি পৃষ্ঠপোষকতা বৃদ্ধির দাবি তোলেন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোছা. তাহমিনা আক্তারের সভাপতিত্বে এবং বিএনসিসি কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক পরিষদ সম্পাদক আলী হাসান পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, মেজর ড. তোফায়েল আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
সভায় বক্তারা বিএনসিসি ও রোভার স্কাউটের কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




