ছবি:সংগৃহীত
বৃহত্তর সিলেটের অরাজনৈতিক, কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), এর অঙ্গসংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা এবং সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা-র যৌথ উদ্যোগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ২টায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৬ খ্রিষ্টাব্দের ৮ম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় নবনিযুক্ত সিলেট সিটি কর্পোরেশন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সভায় সিলেট সিটি কর্পোরেশনের চলমান বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, মশার উৎপাত নগরবাসীর জন্য অসহনীয় হয়ে উঠেছে। দিনরাত ২৪ ঘণ্টা মশার যন্ত্রণা থেকে রেহাই মিলছে না। মশা নিধনে ব্যবহৃত ওষুধ কার্যকর নয় বলে অভিযোগ তুলে বক্তারা একে ‘আইওয়াশ’ বলে উল্লেখ করেন।
এছাড়া নগরীর অধিকাংশ ওয়ার্ডে বিশুদ্ধ পানির সংকট, বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা এবং নাগরিক সেবার ঘাটতির কথাও তুলে ধরা হয়। ফুটপাত দখলমুক্ত করা হলেও পুনরায় চাঁদাবাজদের ইশারায় দখল ও চলাচলে বিঘ্ন ঘটছে বলে অভিযোগ করা হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগের অভাবে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখা সম্ভব হচ্ছে না এমন হতাশা প্রকাশ করেন বক্তারা।
তারা আরও বলেন, মহানগরীর প্রধান সড়ক ও অলিগলির রাস্তা অবৈধ পার্কিংয়ের দখলে চলে যাচ্ছে। যেখানে-সেখানে গাড়ি পার্কিংয়ের কারণে যানজট ও নাগরিক দুর্ভোগ চরমে পৌঁছেছে। নগরীর বর্তমান পরিস্থিতিকে “অভিভাবকশূন্য নগরী” বলেও অভিহিত করেন কেউ কেউ।
উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ৪ মার্চ বুধবার দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সিলেট সিটি কর্পোরেশন অভিমুখে মশা নিধনে আইওয়াশবিহীন কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে পদযাত্রার সিদ্ধান্ত নেওয়া হয়। একই দিন দুপুর ১২টা ৩০ মিনিটে সিটি কর্পোরেশন প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।
জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ যুব সংগঠক, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিকসের কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে এবং সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদারের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিভিন্ন মতামত উপস্থাপন করেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সভাপতি হাজী মো. আশরাফ উদ্দিন ও দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফুজায়েল আহমদ, সহ-দপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস, যুব ও ক্রীড়া সম্পাদক মো. আল-আমিন আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, সহ-আন্তর্জাতিক সম্পাদক মো. জহিরুল হক জাকির, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, বিভাগীয় কমিটির সদস্য অবিনাশ চন্দ্র দাস, সাংগঠনিক নেতা পংকজ মজুমদার এবং শিশু প্রতিনিধি আদিলা তাবাসসুম আফরিন।
সভায় বক্তারা দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে সিলেট মহানগরীর নাগরিক দুর্ভোগ লাঘবে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ কামনা করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




