বালাগঞ্জে প্রতিপক্ষের হা*মলায় ছাত্রদলকর্মী নি*হত
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৪৬ AM

বালাগঞ্জে প্রতিপক্ষের হা*মলায় ছাত্রদলকর্মী নি*হত

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৩/২০২৬ ০১:১৫:১৭ PM

বালাগঞ্জে প্রতিপক্ষের হা*মলায় ছাত্রদলকর্মী নি*হত


সিলেটের বালাগঞ্জ উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় শাহ ইসমাইল আলী (২৮) নামে এক ছাত্রদলকর্মী নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় বাজারে এ হামলার ঘটনা ঘটেছে।

নিহত শাহ ইসমাইল স্থানীয় কাজিপুর (খারমাপুর) গ্রামের মৃত শাহ কাপ্তান আলীর ৪র্থ ছেলে। শনিবার রাতে নিহতের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

বালাগঞ্জ থানার পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে বালাগঞ্জ উপজেলা সদরে কাজিপুর (খারমাপুর) গ্রামের বিএনপি কর্মী শাহ মামুন আলী ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সিরাজুজ্জামান মঙ্গু খার ছেলে হাসানের মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে উপস্থিত বালাগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দের তাৎক্ষণিক হস্তক্ষেপে তা মীমাংসা করে দেওয়া হয়।

একই দিন সন্ধ্যায় উভয়পক্ষ তাদের নিজ এলাকা বোয়ালজুড় বাজারে ফিরে এলে সেখানে পুনরায় উত্তেজনা দেখা দেয়। স্থানীয় রাজনীতিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি পরদিন শুক্রবার সালিশে সমাধানের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন।

এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, পূর্বনির্ধারিত সালিশ বৈঠকের আগেই শুক্রবার সন্ধ্যায় বিএনপি নেতা সিরাজুজ্জামান মঙ্গু খার ছেলে হাসান বোয়ালজুড় বাজারে ধারালো অস্ত্র নিয়ে শাহ মামুন আলীকে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে তিনি শাহ মামুন আলীকে পেয়ে ধাওয়া করেন। তখন স্থানীয়দের সহযোগিতায় শাহ মামুন আলী নিরাপদ স্থানে চলে যান। এ সংবাদ পেয়ে রাতে শাহ ইসমাইল তার বড় ভাই শাহ মামুন আলীর খোঁজে বাড়ির পাশের বোয়ালজুড় বাজারে ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষ হাসান ও তার অনুসারীরা তার ওপর হামলা চালায়।

ধারালো অস্ত্রের উপর্যুপরি আঘাতে গুরুতর আহত শাহ ইসমাইলকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহত শাহ ইসমাইল আলীর মরদেহ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মুজিবুর রহমান জানান, নিহত শাহ ইসমাইল আলী ছাত্রদলের একজন সক্রিয় কর্মী। আর হামলায় অভিযুক্ত হাসানের পিতা সিরাজুজ্জামান মঙ্গু বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি। তবে শাহ ইসমাইল আলী নিহতের ঘটনায় রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই। তাদের উভয়ের ব্যক্তিগত বা গোষ্ঠিগত কোনো বিষয় থাকতে পারে।

বালাগঞ্জ থানার ওসি মো. মাহফুজ ইমতিয়াজ ভূইয়া জানান, এটা রাজনৈতিক কোনো সংঘাত নয়। এ বিষয়ে তদন্তের মাধ্যমে সঠিক কারণ জানা যাবে।

জৈন্তা বার্তা/আরআর