কেউ অভুক্ত থাকবে না, কেউ অবহেলিত থাকবে না: এম এ মালিক
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৪৬ AM

কেউ অভুক্ত থাকবে না, কেউ অবহেলিত থাকবে না: এম এ মালিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৩/২০২৬ ০৩:১৩:০৮ PM

কেউ অভুক্ত থাকবে না, কেউ অবহেলিত থাকবে না: এম এ মালিক

ছবি:সংগৃহীত


সিলেট মহানগরের ২৯ নম্বর ওয়ার্ডে রমজান উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় খান বাড়িতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক।

প্রধান অতিথির বক্তব্যে এম এ মালিক বলেন, ‘আজ যারা খাদ্যসামগ্রী গ্রহণ করছেন, তাদের বলবো-এটি দান নয়, এটি আপনাদের অধিকার। আমরা সবাই মিলে একটি মানবিক সমাজ গড়তে চাই, যেখানে কেউ অভুক্ত থাকবে না, কেউ অবহেলিত থাকবে না।’

তিনি বলেন, সিলেট মহানগরের ২৯ নম্বর ওয়ার্ডে মরহুম হাজী তৈমুর খান বাদশাহীর সুযোগ্য সন্তান মো. শাহেদ খান স্বপনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে যে বিপুল খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয় ও মহৎ উদ্যোগ।

পবিত্র রমজান মাস সংযম, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয় উল্লেখ করে তিনি বলেন, ক্ষুধার কষ্ট অনুভবের মধ্য দিয়ে যেন আমরা গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি-এটাই রমজানের মূল বার্তা। শুধু রমজানেই নয়, সারা বছর সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের সামর্থ্য অনুযায়ী মানবকল্যাণে এগিয়ে আসারও আহ্বান জানান।

তিনি আরও বলেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হিসেবে তিনি এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন। তবে উন্নয়ন তখনই অর্থবহ হবে, যখন সমাজের প্রতিটি মানুষ নিরাপদ ও স্বস্তিতে জীবনযাপন করতে পারবে। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় তিনি দেশনেত্রী খালেদা জিয়া-এর সুস্থতা কামনা এবং দেশনায়ক তারেক রহমান-এর নেতৃত্বে একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মো. শাহেদ খান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমানসহ পরিবারবর্গ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ