ছবি:সংগৃহীত
সিলেটে লন্ডনে পাঠানোর আশ্বাস দিয়ে জাল ভিসা সরবরাহ ও ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মনির আহমেদ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব-৯)। সোমবার (০২ মার্চ ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট মহানগরীর শাহপরান থানাধীন তামাবিল রোডের দাসপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ভুক্তভোগী মো. আরিফ আহমেদ (৩০) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার যোগারকুল এলাকার বাসিন্দা। এজাহারভুক্ত আসামি মো. মনসুর আলী তালুকদার ও মনির আহমেদ বিদেশে লোক পাঠানোর নামে একটি এজেন্সির মাধ্যমে প্রতারণা করতেন। ফেসবুকে বিজ্ঞাপন দেখে যোগাযোগের পর ভুক্তভোগীকে লন্ডনের ভিসা দেওয়ার আশ্বাস দেওয়া হয়। পরে ২৫ লাখ টাকার বিনিময়ে ২-৩ মাসের মধ্যে লন্ডনে পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হয়।
চুক্তি অনুযায়ী প্রথমে ৩ লাখ টাকা এবং ভিসা পাওয়ার পর বাকি ২২ লাখ টাকা পরিশোধের কথা ছিল। ভুক্তভোগী বিভিন্ন সময়ে নগদ ১৬ লাখ টাকা এবং ব্যাংক হিসাবে আরও ৬ লাখ টাকা প্রদান করেন। গত ২১ ডিসেম্বর ২০২৫ সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ ইমিগ্রেশন সম্পন্ন করতে গেলে কর্তব্যরত কর্মকর্তা তার পাসপোর্টে সংযুক্ত ভিসাটি জাল বলে শনাক্ত করেন।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন। মামলায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন-এ অভিযোগ আনা হয়।
মামলার প্রেক্ষিতে র্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এর ধারাবাহিকতায় সোমবার বিকেলে দাসপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত পলাতক আসামি মনির আহমেদকে গ্রেপ্তার করা হয়। তিনি শাহপরান থানার ইসলামপুর এলাকার বাসিন্দা।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




