সিলেটে আবারও ফিরছে ‘এম. সাইফুর রহমান’ নাম
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৩৬ AM

সিলেটে আবারও ফিরছে ‘এম. সাইফুর রহমান’ নাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৩/২০২৬ ০৯:৪৬:১৪ PM

সিলেটে আবারও ফিরছে ‘এম. সাইফুর রহমান’ নাম

সংগৃহিত


সিলেটের রিকাবীবাজারস্থ সরকারি মিলনায়তন ‘কবি নজরুল অডিটোরিয়ামের’ নাম আবারও পরিবর্তন করা হচ্ছে। মিলনায়তনটি তার আগের নাম অর্থাৎ সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এম. সাইফুর রহমানের নামে ফিরে যাচ্ছে।

মঙ্গলবার (৩ মার্চ) সিলেট সফরে এসে এই মিলনায়তন পরিদর্শনে গিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মীর শাহে আলম এই সিদ্ধান্তের কথা জানান।

দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা এই অডিটোরিয়ামটি সংস্কারের জন্য ইতোমধ্যে ২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। পরিদর্শনকালে মন্ত্রী জানান, এই সংস্কার কাজ সম্পন্ন হওয়ার পর মিলনায়তনটি এম. সাইফুর রহমানের নামেই পরিচিত হবে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আমরা এম. সাইফুর রহমান অডিটোরিয়াম নামেই সংস্কারের অর্থ বরাদ্দ দেবো। এই নামটি ভবনের সামনে বড় করে লিখতে হবে যাতে মানুষের সহজে চোখে পড়ে। এতে যদি কিছু বাড়তি টাকাও খরচ হয়, তাতে কোনো সমস্যা নেই।

সিলেটের গুরুত্বপূর্ণ এই মিলনায়তনটির নামকরণের ইতিহাস বেশ দীর্ঘ। শুরুতে এর নাম ছিল ‘সিলেট অডিটোরিয়াম’। পরবর্তীতে চারদলীয় জোট সরকারের আমলে এটি সংস্কার করার পর তৎকালীন অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য এম. সাইফুর রহমানের নামে নামকরণ করা হয়।

তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সাইফুর রহমানের নাম পরিবর্তন করে রাখা হয়েছিল ‘কবি নজরুল অডিটোরিয়াম’। দীর্ঘ প্রায় ২০ বছর পর আবারও রাজনৈতিক পটপরিবর্তনের ধারাবাহিকতায় অডিটোরিয়ামটি তার আগের নামে (এম. সাইফুর রহমান অডিটোরিয়াম) ফিরে যাচ্ছে।

সংস্কার কাজ দ্রুত শেষ করে এটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে পরিদর্শনকালে স্থানীয় সরকার মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

জৈন্তাবার্তা/সুলতানা