সিলেটের জৈন্তাপুর মডেল থানার পুলিশ বুধবার (৪ মার্চ) রাত ৮টার দিকে থানার সামনে সিলেট–তামাবিল মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে প্রায় ২ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে।
জৈন্তাপুর মডেল থানার এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে একটি যাত্রীবাহী বিএমএফ বাসে (রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১২-৩০২৪) তল্লাশি চালানো হয়। এ সময় বাসটি থেকে বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে— ১৭০ বক্স কাবেরী মেহেদী (মূল্য ৩৪ হাজার টাকা), ২ হাজার ৯৭৫ পিস খোলা কাবেরী মেহেদী (মূল্য ৪৪ হাজার ৬২৫ টাকা), অরেঞ্জ ট্যাং ৫০ প্যাকেট (মূল্য ১২ হাজার ৫০০ টাকা), খোলা জিরা ৩৩০ কেজি (মূল্য ১ লক্ষ ৮১ হাজার ৫০০ টাকা), এবং ‘Suraj JEERA’ লেখা হলুদ ও সবুজ রঙের ১১টি প্লাস্টিকের বস্তা। সব মিলিয়ে জব্দকৃত পণ্যের মোট আনুমানিক মূল্য ২ লক্ষ ৭২ হাজার ৮৪৫ টাকা।
পুলিশ জানায়, এ ঘটনায় পরস্পর যোগসাজশে ভারতীয় সীমান্ত থেকে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে শুল্ক ও কর ফাঁকি দিয়ে পণ্য দেশে আনা ও বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—
বরগুনার মো. হারুন হাওলাদারের ছেলে মো. রাকিব মিয়া বাবু (২১) এবং শেরপুরের আব্বাস আলীর ছেলে রাকিবুল ইসলাম (২৫)। এ সময় ঘটনার সঙ্গে জড়িত রবিউল ইসলাম (৪০) নামের অপর এক আসামি কৌশলে পালিয়ে যান।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক থানায় জব্দ রাখা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে বৃহস্পতিবার সকালে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




