“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে জৈন্তাপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ৪৭তম বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করা হয় জৈন্তাপুর উপজেলা পরিষদের হলরুমে। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। তত্ত্বাবধানে আছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং পৃষ্ঠপোষকতায় আছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। মেলায় উপজেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।
মেলার উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব, জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, কৃষি কর্মকর্তা হুমায়ন দিলদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন ও বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল। এছাড়া অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও ক্ষুদে বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।
এ সময় অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ঘুরে ঘুরে দেখেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
জৈন্তা বার্তা/আরআর




