ছবি:সংগৃহীত
সিলেটের বালাগঞ্জ উপজেলায় সীড ওয়ার্ন্ড লিমিটেডের উদ্যোগে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) উপজেলার বালাগঞ্জ ইউনিয়নের রিফাতপুর গ্রামের একটি কৃষি মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চলতি মৌসুমে প্রতিষ্ঠানটির উৎপাদিত ‘মোটা ধান’ বীজের ভালো ফলন হওয়ায় কৃষকদের অংশগ্রহণে এ মাঠ দিবস পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীড ওয়ার্ন্ড লিঃ-এর কেন্দ্রীয় মার্কেটিং ম্যানেজার রিয়াজুল ইসলাম রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা মার্কেটিং ম্যানেজার ইমরান হাওলাদার। এছাড়াও ডিলার নীলমনি বিশ্বাস, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন এবং স্থানীয় কৃষক সাবুল মিয়াসহ শতাধিক কৃষক অনুষ্ঠানে অংশ নেন।
বালাগঞ্জ জননী বীজ ঘরের মালিক নীলমনি বিশ্বাস জানান, তিনি ইতোমধ্যে প্রায় ১ টন (১ হাজার কেজি) সীড ওয়ার্ন্ড লিঃ-এর “মোটা ধান” বীজ স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করেছেন। এ বীজ নিয়ে কৃষকদের কোনো অভিযোগ নেই; বরং তারা ভালো ফলন পেয়েছেন।
প্রধান অতিথি রিয়াজুল ইসলাম রাজু বলেন, ‘এটি আমাদের প্রথম প্রকল্প। কৃষকদের কাছে যে প্রতিশ্রুতি দিয়ে বীজ সরবরাহ করেছি, তার বাস্তব চিত্র দেখতে মাঠ পর্যায়ে এসেছি। কৃষকদের ইতিবাচক সাড়া আমাদের অনুপ্রাণিত করছে।’
স্থানীয় কৃষকরা জানান, এ জাতের ধানে কীটনাশক প্রয়োগ করতে হয়নি, পোকামাকড়ের আক্রমণও ছিল না। পাশাপাশি ধানের ছড়া ভালো হওয়ায় ফলনও সন্তোষজনক হয়েছে। ভবিষ্যতেও এ বীজ চাষে তারা আগ্রহী বলে জানান কৃষকরা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




