লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন-মোমবাতি নিয়ে পদযাত্রা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:১৩ PM

লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন-মোমবাতি নিয়ে পদযাত্রা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৪/২০২৬ ১০:২৮:০৯ PM

লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন-মোমবাতি নিয়ে  পদযাত্রা

ছবি:সংগৃহীত


সিলেটে ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে ব্যতিক্রমধর্মী কর্মসূচি নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে তিনটি সামাজিক সংগঠন। বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা এবং সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি হাতে প্রতীকী পদযাত্রা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংস্থাগুলোর যৌথ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ২০২৬ সালের ১৪তম সাপ্তাহিক সভা এবং সিলেট কল্যাণ সংস্থার ২৮তম ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা অতিরিক্ত লোডশেডিং নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন চরমভাবে ব্যাহত হচ্ছে। এ অবস্থার প্রতিবাদে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতীকী পদযাত্রার উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামী ২৪ এপ্রিল শুক্রবার অনুষ্ঠিতব্য ১৫তম সাপ্তাহিক সভায় এ পদযাত্রার তারিখ নির্ধারণ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি, জাতীয় যুব দিবস ২০১০-এর জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সংগঠক মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে এবং বিভাগীয় কমিটির সহ-সভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদারের সঞ্চালনায় সভায় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এতে সংগঠনের বিভাগীয় ও মহানগর কমিটির নেতৃবৃন্দ, সাংগঠনিক ব্যক্তিত্ব, সমাজ সচেতন নাগরিক এবং শিশু প্রতিনিধিসহ অনেকে উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ