প্রতীকী ছবি
চলতি এপ্রিল মাসের প্রথম ১৬ দিনে ৫৪ ছিনতাইকারীসহ বিভিন্ন অভিযোগে মোট ৮৩৮ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
শনিবার (১৮ এপ্রিল) নিজেদের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে এসএমপির মিডিয়া সেল। সেখানে বলা হয়, গত ১ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত সিলেট মহানগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, সিলেটে ছিনতাইকারীদের প্রতিরোধসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় ৫৪ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে, যা নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
পোস্টে বলা হয়, উল্লেখিত সময়ে ৪৯ জন মাদক ব্যবসায়ী ও মাবদকসেবীকেও গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১ হাজার ১৪ পিস ইয়াবা, ৭১০ বোতল বিদেশি মদ, ৮৫ লিটার চোলাই মদ এবং ১ কেজি ৭৮০ গ্রাম গাঁজা।
এ ছাড়া একই সময়ে বিভিন্ন এলাকা থেকে ২৭ জন চোর এবং ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। অন্যান্যদের মেট্রোপলিটন অধ্যাদেশসহ অন্যান্য আটক বা গ্রেপ্তার করা হয়।
এই সময়ে চোরাই পণ্য জব্দ করার ক্ষেত্রেও ভালো সাফল্য পেয়েছে এসএমপি। ১৬ দিনে তারা ১৫০ কেজি জিরা, ২ হাজার ৪৮০ কেজি ফুচকা, ২ হাজার ৫২০ পিস চকলেট, ১৪টি মহিষ, ১০ হাজার ৪৪০ পিস চশমা, ২ লাখ ১৪ হাজার ৫০ টাকার প্রসাধনী সামগ্রী, ২৭টি শাড়ি এবং ৭৫ বস্তা চা পাতা জব্দ করেছে।
একই সময়ে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ ১ হাজার ৬৫৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে, যার মধ্যে ৬৪৩টি মামলায় জরিমানা আদায় এবং ১ হাজার ১১টি যানবাহন আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে এসএমপি।
জৈন্তা বার্তা/আরআর




