সিলেটের গোলাপগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সমাজসেবী ও যুক্তরাষ্ট্র প্রবাসী গৌছ উদ্দিন। তার ঘোষণার পর থেকেই এলাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
গৌছ উদ্দিন ফাজিলপুর গ্রামের বাসিন্দা। তার পিতা মরহুম আব্দুর রব খান। দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করলেও নিজ এলাকার মানুষের সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার জন্য স্থানীয়ভাবে পরিচিত।
প্রার্থী হওয়ার ঘোষণার পর এক বক্তব্যে তিনি বলেন, বৈষম্য দূরীকরণে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সুষম বন্টন বাস্তবায়নে গোলাপগঞ্জ সদর ইউনিয়নের গরিব-দুঃখী মানুষের পক্ষে আমার অবস্থান সুদৃঢ় করার জন্য আপনাদের সমর্থন ও দোয়া প্রত্যাশী।
তিনি জানান, নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, বিশেষ করে অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা জোরদারে তিনি কাজ করবেন।
এদিকে, তার এই ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও অনেকেই এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন। প্রবাসে থেকে এলাকার উন্নয়নে আগ্রহী একজন প্রার্থীর অংশগ্রহণ নির্বাচনে প্রতিযোগিতা বাড়াবে বলে মনে করছেন সচেতন মহল।
উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। গৌছ উদ্দিনের এ ঘোষণা সেই প্রতিযোগিতাকে আরও গতিশীল করবে বলে ধারণা করা হচ্ছে।
জৈন্তা বার্তা/আরআর




