ছবি:সংগৃহীত
সিলেটে সুধীজনদের অংশগ্রহণে ভারতের ফোর্টিস হাসপাতাল-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে রক্তের ক্যান্সারসহ জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
শনিবার (১৮ এপ্রিল) রাতে নগরীর জেলরোডস্থ একটি অভিজাত হোটেলে সিলেট মেডিকেয়ার ও ফোর্টিস হাসপাতালের যৌথ আয়োজনে নিয়মিত হেলথ টক ও সিএমই কর্মসূচির অংশ হিসেবে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ফোর্টিস হাসপাতালের হেমাটো-অনকোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বিভাগের পরিচালক ডা. শুভ প্রকাশ সান্যাল। তিনি বলেন, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বা অস্থিমজ্জা প্রতিস্থাপন বর্তমানে রক্তের ক্যান্সার ও জটিল রক্তরোগ চিকিৎসায় একটি যুগান্তকারী পদ্ধতি। সঠিক সময়ে আধুনিক চিকিৎসা গ্রহণ করলে এ ধরনের রোগ থেকে সুস্থ হওয়া সম্ভব।
তিনি তার দীর্ঘ ১৯ বছরের অভিজ্ঞতার আলোকে জানান, একিউট ও ক্রনিক লিউকেমিয়া, মাল্টিপল মায়লোমা, লিম্ফোমা এবং বোন ম্যারো ফেইলিওর সিনড্রোম (অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া) চিকিৎসায় অস্থিমজ্জা প্রতিস্থাপন অত্যন্ত কার্যকর। এছাড়া থ্যালাসেমিয়া ও সিকল সেল অ্যানিমিয়ার মতো রোগেও এই চিকিৎসা নতুন আশার দ্বার খুলে দিচ্ছে।
ডা. সান্যাল আরও জানান, ফোর্টিস হাসপাতাল ভারতের বিভিন্ন স্থানে ৩৬টি শাখার মাধ্যমে আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা প্রদান করছে। সিলেটের রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সিলেট মেডিকেয়ারের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সময় স্থানীয় চিকিৎসকদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আধুনিক চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে স্থানীয় রোগীরা যেমন বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পাচ্ছেন, তেমনি চিকিৎসকরাও বিশ্বমানের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন।
সিলেট মেডিকেয়ারের কো-ফাউন্ডার রেদা মঈন রেজা ও ফোর্টিস হাসপাতালের বাংলাদেশ প্রধান পূজা চ্যাটার্জীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমপির উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. মাসুদ রানা (পিপিএম-সেবা), ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, চিকিৎসক, সাংবাদিকসহ সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
অনুষ্ঠানের শেষে ডা. শুভ প্রকাশ সান্যাল-কে সিলেট মেডিকেয়ারের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




