প্রবাসী নতুন প্রজন্মকে দেশমুখী করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:১০ PM

যুক্তরাজ্যের করবী বারা কাউন্সিলের সাবেক মেয়র মুজিবুর রহমান আছকিরকে নিয়ে সিলেট প্রেসক্লাবে মতবিনিময় সভা

প্রবাসী নতুন প্রজন্মকে দেশমুখী করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৪/২০২৬ ১১:৩০:৫৭ PM

প্রবাসী নতুন প্রজন্মকে দেশমুখী করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান

ছবি:সংগৃহীত


বিদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশমুখী করতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মত দিয়েছেন বক্তারা। তাদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে এ ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলেও তারা উল্লেখ করেন।

সোমবার সন্ধ্যায় সিলেট প্রেসক্লাবে যুক্তরাজ্যের করবী বারা কাউন্সিলের সাবেক মেয়র মুজিবুর রহমান আছকিরকে নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলা হয়।

সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, সাবেক সহ-সভাপতি আবদুল কাদের তাপাদার ও হুমায়ুন রশিদ চৌধুরী, সিনিয়র সদস্য আব্দুল মালিক জাকা, নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ আমজাদ হোসাইন, সহ-সাধারণ সম্পাদক খালেদ আহমদ, সাবেক পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আহ্বাব মোস্তফা খান এবং বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জিল্লুর রহমান জিলু।

এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আশরাফুল আলম নাসির, সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আব্দুল মজিদ, সদস্য মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, শফিক আহমদ শফিসহ অন্যান্য সদস্য ও সাংবাদিকরা।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান আছকির বলেন, যুক্তরাজ্যের পার্লামেন্ট থেকে শুরু করে স্থানীয় সরকার ব্যবস্থায় বাংলাদেশি কমিউনিটির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। রাজনীতি, ব্যবসা ও শিক্ষাক্ষেত্রেও তাদের সক্রিয় অংশগ্রহণ চোখে পড়ার মতো। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রচারণা এবং নিরাপত্তা সংক্রান্ত শঙ্কার কারণে নতুন প্রজন্ম ধীরে ধীরে দেশবিমুখ হয়ে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন এবং এ ক্ষেত্রে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি আরও জানান, বালাগঞ্জে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে ‘আত-তাক্বওয়া মেটারনিটি ক্লিনিক’ নির্মাণাধীন রয়েছে। ভবিষ্যতেও সিলেটে আরও উন্নয়নমূলক কাজ করার পরিকল্পনা রয়েছে, এজন্য সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সভাপতির বক্তব্যে মুকতাবিস উন নূর বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশের সঙ্গে সম্পৃক্ত করতে সিলেট প্রেসক্লাব বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে তরুণ প্রজন্মের ৫০ জন প্রতিনিধিকে বাংলাদেশ সফরে আনার পরিকল্পনা রয়েছে, যাতে তারা দেশের বাস্তবতা ও সম্ভাবনা সম্পর্কে সরাসরি ধারণা পায়। পাশাপাশি আগামী এক মাসের মধ্যে প্রেসক্লাবে ‘এনআরবি হেল্পডেস্ক’ চালু করা হবে বলেও জানান তিনি।

তিনি আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রবাসী নতুন প্রজন্মকে দেশের প্রতি আরও আগ্রহী করে তোলা সম্ভব হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ