সিসিকে চাকরির নামে প্রতারণা: অর্থ লেনদেন থেকে বিরত থাকার আহ্বান প্রশাসকের
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০৬ PM

সিসিকে চাকরির নামে প্রতারণা: অর্থ লেনদেন থেকে বিরত থাকার আহ্বান প্রশাসকের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৪/২০২৬ ০৯:৪০:৪০ PM

সিসিকে চাকরির নামে প্রতারণা: অর্থ লেনদেন থেকে বিরত থাকার আহ্বান প্রশাসকের

ছবি:সংগৃহীত


সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন পদে নিয়োগের আশ্বাস দিয়ে কিছু অসাধু চক্র চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। বিষয়টি সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর নজরে আসার পর এ নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

প্রশাসক জানান, বর্তমানে সিলেট সিটি কর্পোরেশনে কোনো ধরনের জনবল নিয়োগ কার্যক্রম চলমান নেই। ফলে নিয়োগের নামে কোনো ধরনের অর্থ লেনদেনের সুযোগও নেই। তিনি বলেন, একটি প্রতারক চক্র ভুয়া প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, ‘সিটি কর্পোরেশনের নামে বা আমার নাম ব্যবহার করে কেউ যদি চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা দাবি করে, তা সম্পূর্ণ প্রতারণা। এ ধরনের প্রলোভনে কেউ যেন পা না দেন।’

নিয়োগ সংক্রান্ত যেকোনো তথ্য শুধুমাত্র সিটি কর্পোরেশনের সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমেই প্রকাশ করা হয় উল্লেখ করে প্রশাসক জানান, কোনো ব্যক্তি বা মধ্যস্থতাকারীর মাধ্যমে চাকরি পাওয়ার আশ্বাসে বিশ্বাস না করতে তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কেউ যেন কোনো অবস্থাতেই অর্থ লেনদেন না করেন। প্রতারণার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করুন।’

এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ