পেশাদারিত্ব ও সততার উজ্জ্বল দৃষ্টান্ত সাইয়ীদ ফাহদ আল করিম-কর কমিশনার
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০৭ PM

বিদায় সংবর্ধনা

পেশাদারিত্ব ও সততার উজ্জ্বল দৃষ্টান্ত সাইয়ীদ ফাহদ আল করিম-কর কমিশনার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৪/২০২৬ ০৯:৫৯:১৭ PM

পেশাদারিত্ব ও সততার উজ্জ্বল দৃষ্টান্ত সাইয়ীদ ফাহদ আল করিম-কর কমিশনার

ছবি:সংগৃহীত


সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে কর অঞ্চল সিলেটের যুগ্ম কর কমিশনার সাইয়ীদ ফাহদ আল করিমের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে নগরের মেন্দিবাগস্থ সমিতির কার্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভুবন মোহন ত্রিপুরা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাইয়ীদ ফাহদ আল করিম তাঁর দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব ও সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। কর প্রশাসন ও আইনজীবীদের মধ্যে সুসম্পর্ক ও সমন্বয় গড়ে তুলতে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, “সরকারি চাকরির নিয়মে তাঁকে বিদায় দিতে হলেও তাঁর মতো একজন দক্ষ কর্মকর্তার অভাব অনুভূত হবে।”

সংবর্ধিত অতিথি সাইয়ীদ ফাহদ আল করিম তাঁর বক্তব্যে সিলেটে কর্মজীবনের অভিজ্ঞতা স্মরণ করে বলেন, এখানকার আইনজীবীদের সহযোগিতা ও সাধারণ মানুষের ভালোবাসা তাঁর কর্মজীবনকে সমৃদ্ধ করেছে। তিনি দায়িত্ব পালনে সর্বদা ন্যায়নিষ্ঠ থাকার চেষ্টা করেছেন উল্লেখ করে বলেন, ‘কর্মক্ষেত্রে অনিচ্ছাকৃতভাবে কারো মনে কষ্ট দিয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত।’ তিনি আগামীতেও সবার দোয়া কামনা করেন।

সমিতির সভাপতি অ্যাডভোকেট সমর বিজয় সী শেখরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত কর কমিশনার মো. আনোয়ার সাদাত, যুগ্ম কর কমিশনার সৌমিত্র কুমার ভৌমিক এবং বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল ফজল।

সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক (১) মো. খায়রুল আলমের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আ.স.ম মুবিনুল হক শাহীন এবং গীতা পাঠ করেন আয়কর আইনজীবী মিন্টু চন্দ্র রায় অনুপব্রত। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা সিলেটে একটি কর ট্রাইব্যুনাল স্থাপনের দীর্ঘদিনের দাবি পুনর্ব্যক্ত করেন। তারা বলেন, কর আহরণে স্বচ্ছতা ও করদাতাদের ন্যায়বিচার নিশ্চিত করতে এটি অত্যন্ত জরুরি। পাশাপাশি বিদায়ী কর্মকর্তা সাইয়ীদ ফাহদ আল করিমের হয়রানিমুক্ত সেবা নিশ্চিতকরণে ভূমিকার প্রশংসা করেন বক্তারা।

শেষে সমিতির পক্ষ থেকে বিদায়ী অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য, সিনিয়র কর আইনজীবী এবং কর অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ