সংগৃহিত
সিলেটের সড়কে স্বাচ্ছন্দ ফেরাতে এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ। গত কয়েকদিন ধরে টানা অভিযান চলছে। এসব অভিযানে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় গত ৩২ ঘন্টায় আরও ১১৯টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
শুত্রুবার (১ মে ) নিজেদের ফেসবুক পেইজে এসব তথ্য জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল।তারা জানায়, বুধবার রাত ১২টা থেকে (বৃহস্পতিবার দিবাগত) শুত্রুবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই ব্যবস্থা নেওয়া হয়। ১১৯টি যানবাহনের মধ্যে ৬৭টির বিরুদ্ধে মামলা এবং ৫২ টিকে আটক করা হয়েছে।
মামলা দেওয়া যানবাহনগুলোর মধ্যে রয়েছে ৩টি ট্রাক, ৬টি প্রাইভেটকার, ১৪টি সিএনজিচালিত অটোরিকশা, ৩৬টি মোটরসাইকেল ও ৮টি অন্যান্য যানবাহন।
আর আটক যানবাহনের মধ্যে ১টি ট্রাক, ১টি প্রাইভেটকার, ১৬টি সিএনজিচালিত অটোরিকশা, ৩২টি মোটরসাইকেল ও ২টি অন্যান্য যানবাহন রয়েছে।
জনস্বার্থে এবং সড়ক নিরাপদ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
জৈন্তাবার্তা/সুলতানা




