ছবি:সংগৃহীত
সিলেটের গোলাপগঞ্জে অবৈধভাবে পিকআপে করে ভারতীয় মসলা পাচারের সময় স্থানীয় জনতার তৎপরতায় একটি মসলাবাহী পিকআপ আটক করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মালামাল জব্দ করে থানায় নিয়ে যায়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের গাজী বোরহান উদ্দিন সড়কের খালপার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের সন্দেহ হলে তারা দ্রুত পিকআপটির গতিরোধ করেন। এ সময় চালক কৌশলে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপটি বাজারের ভেতর দিয়ে বেপরোয়া গতিতে চলাচল করছিল, ফলে অল্পের জন্য কয়েকজন পথচারী দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান। পরিস্থিতি অস্বাভাবিক মনে হওয়ায় স্থানীয়রা গাড়িটি আটকে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে এসআই জুবায়েরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পিকআপটি জব্দ করে। এ সময় গাড়ি থেকে ভারতীয় জিরা ও এলাচসহ বিপুল পরিমাণ মসলা উদ্ধার করা হয় এবং তা থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি বক্তব্য দিতে অপারগতা জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত পিকআপে আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় মসলা ছিল।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




