ছবি:সংগৃহীত
আগামী ২ মে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমনকে স্বাগত জানিয়ে প্রচার মিছিল করেছে সিলেট মহানগর বিএনপি। বৃহস্পতিবার বিকেলে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি রেজিস্টারি মাঠে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের রায়ে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার সিলেট সফরে আসছেন তারেক রহমান। এ সফর সিলেটবাসীর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এর মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলার অবসান ঘটিয়ে উন্নয়ন ও অগ্রগতির নতুন অধ্যায় সূচিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী জনগণের কল্যাণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছেন এবং দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে দেশ সমৃদ্ধি ও প্রগতির পথে এগিয়ে যাবে বলেও তারা মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর সফর সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
সমাবেশ ও মিছিলে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. এনামুল হক চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ-সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর, নজিবুর রহমান নজিব, এটিএম ফয়েজ, শহীদ আহমদ ও হুমায়ুন কবির শাহীন প্রমুখ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




