ছবি:সংগৃহীত
দেশজুড়ে হামের প্রাদুর্ভাবের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগেও এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত দেশে হামে ও হামের উপসর্গে ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল এবং বাকি ৯ জন হামের উপসর্গে ভুগছিল।
মৃতদের মধ্যে ঢাকায় ৪ জন, বরিশালে ২ জন, চট্টগ্রামে ১ জন, খুলনায় ১ জন এবং সিলেটে ১ জন শিশু রয়েছে।
একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ১৬৬ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গে ২৪৪ শিশু এবং হাম শনাক্ত হওয়ার পর ৫০ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। তাই সিলেটসহ সারাদেশে শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার ওপর জোর দেওয়া জরুরি।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




