সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে দুই নারীসহ ৮ জন নিহত হয়েছেন।
রবিবার (৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি পিকআপে করে বেশ কয়েকজন শ্রমিক সিলেট থেকে সুনামগঞ্জে যাচ্ছিলেন। পিকআপটি তেলিবাজার এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সাথে এর সংঘর্ষ হয়।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৪ জন মারা যান। আর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ৩ জন ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর একজন মারা যান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




