ছবি:সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের বৃহত্তর নিহাইন গ্রামের সাতকুড়ীকান্দি এলাকার কেন্দার খাল পুনঃখননকে ঘিরে স্থানীয়দের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে বুধবার (৬ মে) দুপুরে উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে।
পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক এবং উপজেলা প্রকৌশলী হাসিব আহমেদ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রামের একটি বড় অংশ কেন্দার খাল পুনঃখননের বিপক্ষে অবস্থান নিয়েছে। তাদের আশঙ্কা, খাল খনন করা হলে নদী থেকে আগাম বন্যার পানি প্রবেশ করে তোরাইল বিলসহ আশপাশের বিস্তীর্ণ কৃষিজমির বোরো ধান তলিয়ে যেতে পারে। এতে জলাবদ্ধতা তৈরি হয়ে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি গবাদিপশুর খাদ্য সংকটও দেখা দিতে পারে।
অন্যদিকে, পুনঃখননের পক্ষে থাকা অংশের দাবি, সরকারের খাল পুনঃখনন কর্মসূচির আওতায় এ খালটি পুনরুদ্ধার করা হলে শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ সহজ হবে। এতে সেচ সুবিধা বাড়বে, ফসল উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশীয় মাছের উৎপাদনও বাড়বে। পাশাপাশি বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হয়ে বন্যা ব্যবস্থাপনাতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা মনে করেন।
পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানান, জমির কাগজপত্র পর্যালোচনা করে প্রাথমিকভাবে সরেজমিনে পরিস্থিতি দেখা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই ও পর্যবেক্ষণ শেষে কেন্দার খাল পুনঃখননের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




