প্রতীকী
কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী যুবক নিহত হয়েছেন। রোববার (২১ জুন) সকালে দেশটির সানাইয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুপুরের দিকে দেশে থাকা স্বজনরা এ খবর জানতে পারেন।
নিহতের বিষয়টি কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান শাকিল নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
নিহতরা হলেন- কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের মাঝতালুক গ্রামের সলিম উল্লাহর ছেলে মোস্তাক আহমদ (৩০), একই গ্রামের মৃত আহসান উল্লাহর ছেলে জুবায়ের আহমদ (৩০), আগতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৩০), আমরপুর গ্রামের আবদুন নূরের ছেলে জিবাল আহমদ (৩৬) এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ি নয়াগ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদির আহমদ (২৪)।
স্বজনদের বরাতে জানা গেছে, নিহত পাঁচজন একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনায় নিহতদের মরদেহ কাতারের একটি স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে। স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




