ছবি:সংগৃহীত
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরীর ২৬ ও ২৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করে উন্নয়ন কার্যক্রম ও নাগরিক সমস্যার খোঁজখবর নিয়েছেন। বুধবার (৮ জুলাই) বিকেলে তিনি সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন স্থাপনা ও অবকাঠামো সরেজমিনে পরিদর্শন করেন এবং স্থানীয়দের অভিযোগ শুনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
পরিদর্শনের শুরুতে প্রশাসক ২৬ নম্বর ওয়ার্ডের কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষকরা খেলার মাঠ সংস্কার, বাউন্ডারি ওয়াল নির্মাণ এবং ভবনের দেয়াল রঙ করার দাবি জানান। বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এ সময় আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সিটি কর্পোরেশন আন্তরিকভাবে কাজ করবে।
পরে তিনি গোটাটিকর এলাকার লাল মিয়া জামে মসজিদ পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরবর্তীতে ২৮ নম্বর ওয়ার্ডের বরইকান্দি নতুন জামে মসজিদ ও বরইকান্দি ৩ নম্বর সড়ক পরিদর্শনকালে স্থানীয়রা সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসক দ্রুত সংস্কারকাজের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
তিনি বলেন, নগরবাসীর সমস্যা সমাধানই সিটি কর্পোরেশনের প্রধান দায়িত্ব। স্থানীয়দের মতামত ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যায়ক্রমে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
পরিদর্শনকালে সিসিকের নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খান, বরইকান্দি নতুন জামে মসজিদের মোতাওয়াল্লি মো. ফখরুল ইসলাম, সেক্রেটারি আব্দুল কাদির, হাফিজ আব্দুল মুকিত, রফিক মিয়া, জাহেদ মিয়া, মধু মিয়া, কবির মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




