সংগৃহীত
শারদীয় শ্রীশ্রী দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী দেবপীঠ পঞ্চখণ্ড রামকৃষ্ণ সেবাশ্রমে এ সভা অনুষ্ঠিত হয়। পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি অরুণাভ পাল চৌধুরী মোহন।
সভায় বিয়ানীবাজার থানার সাব-ইন্সপেক্টর শ্রী গোপেশ দাস, উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার নেতৃবৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিয়ানীবাজার উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ এবং হিন্দু ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ধর্মীয় উৎসবের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর থেকে শারদীয় শ্রীশ্রী দুর্গাপূজা শুরু হবে। এ বছর বিয়ানীবাজার উপজেলায় ৪২টি সর্বজনীন ও ১১টি ব্যক্তিগত পূজামণ্ডপসহ মোট ৫৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সভা শেষে প্রস্তুতি সভায় উপস্থিত হয়ে সার্বিক সহযোগিতা করায় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি অরুণাভ পাল চৌধুরী মোহন ও সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




