ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, পীরে কামিল হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেব কিবলাহ (রহ.)-এর ৬ষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল আগামী ১২ জুলাই ২০২৬ (রোববার) যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী লন্ডন ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
মাহফিলকে সফল ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে গত ৫ জুলাই ব্রিকলেন জামে মসজিদের হলরুমে ঈসালে সাওয়াব মাহফিল কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আল্লামা দুবাগী (রহ.)-এর জ্যেষ্ঠ পুত্র ও উত্তরসূরি হযরত আল্লামা জিল্লুর রহমান চৌধুরী দুবাগী।
সভায় উপস্থিত ছিলেন মাওলানা অলিউর রহমান চৌধুরী দুবাগী, মাওলানা মহবুবুর রহমান চৌধুরী দুবাগী, মাওলানা আমিনুল ইসলাম জলঢুপী, প্রফেসর মিসবাহ উদ্দিন কামাল, আলহাজ সেলিম রহমান, মশিউর রহমান চৌধুরী মিটু, নিজাম উদ্দিন, আলহাজ মতিউর রহমান শাহী, আলহাজ নুরুল ইসলামসহ কমিটির নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, আল্লামা দুবাগী ছাহেব (রহ.)-এর মাজার শরিফ জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। এরপর অনুষ্ঠিত হবে খতমে কুরআন, খতমে খাজেগান, দালাইলুল খায়রাত শরিফের খতম, জিকির মাহফিল, বিষয়ভিত্তিক বয়ান, স্মৃতিচারণমূলক আলোচনা, মিলাদ শরিফ এবং বিশেষ মোনাজাত।
মাহফিলে সভাপতিত্ব করবেন আল্লামা দুবাগী ছাহেব (রহ.)-এর সুযোগ্য উত্তরসূরি হযরত আল্লামা জিল্লুর রহমান চৌধুরী দুবাগী।
আয়োজকরা আশা প্রকাশ করেছেন, যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আল্লামা দুবাগী ছাহেব (রহ.)-এর ভক্ত, মুরিদ, শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাহফিল মুখরিত হবে। আগত অতিথিদের জন্য খাবারেরও ব্যবস্থা রাখা হয়েছে।
এছাড়া মাহফিলে বিভিন্ন দেশের প্রখ্যাত পীর-মাশায়িখ, আলিম-উলামা, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন বলে আয়োজকরা জানিয়েছেন। মাহফিল সফল করতে ঈসালে সাওয়াব মাহফিল কমিটির পক্ষ থেকে সর্বস্তরের মুসলিম জনতার সহযোগিতা কামনা করা হয়েছে।
আল্লামা দুবাগী (রহ.)-এর কর্মময় জীবন
হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেব (রহ.) যুক্তরাজ্যে ইসলামের প্রচার ও প্রসারে অগ্রণী ভূমিকা পালনকারী একজন প্রখ্যাত আলেম ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি ইউকে ওলামা সোসাইটির প্রতিষ্ঠাতা-সভাপতি, আনজুমানে আল-ইসলাহ ইউকে-এর প্রতিষ্ঠাতা এবং লন্ডন দারুল হাদীস লাতিফিয়ার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।
প্রায় অর্ধশতাব্দী ধরে তিনি যুক্তরাজ্যে ইসলাম প্রচার, শিক্ষা বিস্তার, দাওয়াত, তাবলিগ, সমাজসংস্কার, শিক্ষকতা, তাসাউফ, ওয়াজ-নসিহত এবং আরবি, বাংলা ও উর্দু ভাষায় গ্রন্থ রচনার মাধ্যমে অনন্য অবদান রেখে গেছেন। বিশ্বের বিভিন্ন দেশের প্রখ্যাত আলেমদের সঙ্গে তাঁর ইলমি সম্পর্ক ও হাদিসের সনদ আদান-প্রদান ছিল সুপ্রতিষ্ঠিত।
বাংলাদেশের সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার দুবাগ গ্রামে ১৯২৯ সালে জন্মগ্রহণ করেন আল্লামা দুবাগী ছাহেব (রহ.)। দীর্ঘ কর্মময় জীবন শেষে ২০২০ সালের ১০ জুলাই, শুক্রবার জুমার পূর্বমুহূর্তে লন্ডনে তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে দেশ-বিদেশের অসংখ্য ভক্ত, মুরিদ ও শুভানুধ্যায়ী গভীরভাবে শোকাহত হন। আজও তাঁর ইলম, আধ্যাত্মিকতা ও সমাজসেবামূলক অবদান মুসলিম সমাজে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




